পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি, জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাউফল পৌর বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে বাউফল পৌর বিএনপির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির।
মিছিলটি বাউফল পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং রাজনৈতিক সহিংসতা, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান। মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও নানা ধরনের হয়রানি চালিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে বিভিন্ন সময় মিথ্যা মামলা ও হয়রানির আশ্রয় নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এত নির্যাতন-নিপীড়নের পরও বিএনপির নেতাকর্মীরা গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক আদর্শ থেকে পিছপা হননি।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য আবারও আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার পথ বেছে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করি। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যেন দেশের সাধারণ মানুষের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের ক্ষতি করার জন্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেই মতপার্থক্যের কারণে সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ নেই। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মো. হুমায়ুন কবির আরও বলেন, বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংসতার মাধ্যমে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। জনগণের পাশে থেকে তাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিবাদ সভা থেকে রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য পরিহার করে দেশে শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।এ সময় বাউফল পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










