পটুয়াখালীর বাউফল উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া নেছারিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সামান্য উত্তর পাশে রাস্তার কাছাকাছি মানবদেহের খণ্ডিত অঙ্গ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মাদরাসার উত্তর পাশে রাস্তা থেকে একটু দূরে একটি খণ্ডিত হাত পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয়রা বিষয়টি বাউফল থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে একটি খণ্ডিত হাত উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের একটি দল আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুটি খণ্ডিত পা উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া এসব অঙ্গের পরিচয় এবং এগুলো কোন ব্যক্তির শরীরের অংশ সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে জনবসতিপূর্ণ এলাকার রাস্তার পাশে মানুষের খণ্ডিত হাত ও পা পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কীভাবে এসব অঙ্গ সেখানে এলো, এগুলো কার এবং এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম খণ্ডিত হাত ও পা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশের তদন্তের মাধ্যমে উদ্ধার হওয়া খণ্ডিত অঙ্গগুলোর পরিচয় এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।









