পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক বিরোধের জেরে দোলা (৩০) নামে এক গৃহবধূকে মারধর করে দুই শিশুসন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। বৃষ্টির রাতে আশ্রয় না পেয়ে দুই সন্তানকে নিয়ে বাড়ির রান্নাঘরে রাত কাটাতে হয়েছে তাঁকে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে। এরপর অসুস্থ ও আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পক্ষিয়া গ্রামে। অভিযুক্তরা হলেন গৃহবধূর শ্বশুর রত্তন গাজী ও শাশুড়ি তহমীনা বেগম। এ ঘটনায় স্বামী স্বপন গাজীর বিরুদ্ধেও মারধরের অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী দোলা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শ্বশুর-শাশুড়ির সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জেরে বিভিন্ন সময় তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। সর্বশেষ শুক্রবার তাঁকে মারধর করে দুই শিশুসন্তান ও মালামালসহ ঘর থেকে বের করে দেওয়া হয়। বৃষ্টির মধ্যে কোথাও আশ্রয় না পেয়ে বাধ্য হয়ে সন্তানদের নিয়ে বাড়ির রান্নাঘরে রাত কাটান তিনি।
দোলা আরও জানান, গত দুই দিন ধরে তিনি ঠিকমতো খাবার পাননি। এমনকি সন্তানদেরও খাবার দিতে পারেননি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
তবে পুত্রবধূর করা অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুর রত্তন গাজী। তিনি দাবি করেন, তাঁর স্ত্রী তহমীনা বেগমকে মারধর করেছেন পুত্রবধূ দোলা। এ ঘটনায় তাঁর স্ত্রীও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পর তাঁর ছেলে স্বপন গাজী স্ত্রী, সন্তান ও মালামাল নিয়ে নিজেই ঘর থেকে বের হয়ে গেছেন বলে দাবি করেন তিনি। রত্তন গাজীর আরও দাবি, এর আগেও একাধিক ঘটনায় দোলা তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। তবে পুত্রবধূকে মারধর করে সন্তানসহ ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল বাতেন। তিনি জানান, ঘটনার আগের রাতে ওই পরিবারে মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে পরদিন কী ঘটেছে, সে বিষয়ে তিনি অবগত নন। এর আগে প্রায় ছয় থেকে সাত মাস আগে পারিবারিক বিরোধের জেরে ওই পরিবারে মারামারির ঘটনা ঘটেছিল। সে সময় থানায় অভিযোগও করা হয়েছিল। তবে সর্বশেষ ঘটনাটি নিয়ে এর আগে তাঁদের কাছে কোনো সালিশ বা বিচার হয়নি।
আব্দুল বাতেন আরও জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ঘরে তালা দেওয়া দেখতে পান। এ সময় দুই শিশুসন্তানকে নিয়ে অসহায় অবস্থায় সেখানে ছিলেন ওই গৃহবধূ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










