বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পটুয়াখালীতে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
রবিবার (২২ নভেম্বর) জেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান খান বাবু ও সাধারণ সম্পাদক মনির মাহমুদ।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাটে গিয়ে শেষ হয়। এ সময় নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান এমপি ও সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিসহ কমিটির সকল নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শুভেচ্ছা মিছিলে পটুয়াখালী সদর উপজেলা শ্রমিক দলসহ জেলার ১৪টি ইউনিয়ন শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।










