ঘূর্ণিঝড় ‘অকভান’ এর প্রভাবে পটুয়াখালীর দুমকিসহ দক্ষিণ উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি ও ভারী বৃষ্টি হচ্ছে। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে। বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
শনিবার (২১ নভেম্বর) সকা থেকেও দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। গত দুই-তিন দিন ধরে মেঘলা আকাশ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ভারী বৃষ্টি হচ্ছে। এতে উপজেলার বিভিন্ন নিচু এলাকা, সড়ক ও বসতবাড়ির আঙিনায় পানি জমেছে।
টানা এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী, ভ্যান-রিকশাচালক ও ক্ষুদ্র আয়ের মানুষেরা। কাজকর্ম বন্ধ থাকায় দৈনন্দিন আয়-রোজগার নিয়ে চরম বিপাকে পড়েছেন তাঁরা। ঠিকমতো জীবিকা নির্বাহ করতে না পারায় ঘূর্ণিঝড়ের এই পূর্বাভাস ও বৈরী আবহাওয়ার সরাসরি প্রভাব পড়ছে তাঁদের পরিবারে। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন অনেক পরিবার।
বৃষ্টির কারণে উপজেলার হাটবাজারগুলোতে মানুষের উপস্থিতি কমে গেছে। অনেক দোকানপাটে বেচাকেনা কমেছে। যানবাহন চলাচলও তুলনামূলক কম দেখা গেছে। বিশেষ করে কাঁচা ও ভাঙাচোরা সড়কে কাদা-পানি জমে চলাচলে দুর্ভোগ বেড়েছে।
এদিকে টানা বৃষ্টিতে আমন ধান ঘরে তোলার অপেক্ষায় থাকা কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেক এলাকায় পাকা ধান কাটার প্রস্তুতি চলছিল। বৃষ্টি অব্যাহত থাকলে ধান কাটা ও মাড়াইয়ের কাজে বিঘ্ন ঘটার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিম্ন আয়ের মানুষের কষ্ট দিন দিন বাড়ছে। বিশেষ করে নিচু এলাকায় পানি জমে থাকায় চলাচল কঠিন হয়ে পড়েছে।
ঘূর্ণিঝড় ‘অকভান’ এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবহাওয়ার পরিস্থিতি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে।










