পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসারদের নিয়ে ‘স্মার্ট অফিস ব্যবস্থাপনা: প্রশাসনিক দক্ষতা, পেশাদারিত্ব এবং সেবার মানোন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো এর একাডেমিক কার্যক্রম। আর সেই কার্যক্রমকে সচল, গতিশীল ও সফল করার মূল চালিকাশক্তি হলো প্রশাসন। সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসাররা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, অফিস ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা বলতে কেবল নথিপত্র আদান-প্রদান কিংবা রুটিন কাজ বোঝায় না। বরং প্রতিষ্ঠানের কার্যক্রম সুশৃঙ্খল, গতিশীল ও লক্ষ্যমুখী রাখতে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং আন্তবিভাগীয় সমন্বয় সাধন করাই এর মূল উদ্দেশ্য। সনাতন পদ্ধতির লালফিতার দৌরাত্ম্য কমিয়ে ই-নথি, ডিজিটাল যোগাযোগ ও স্মার্ট অফিস ব্যবস্থাপনা পুরোপুরি আয়ত্ত করতে পারলে কাজের গতি বহুগুণে বৃদ্ধি পাবে।
কর্মশালায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘স্মার্ট অ্যান্ড ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট, প্রশাসনিক দক্ষতা ও পেশাগত যোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া।
দুপুর ২টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত ‘পেশাগত নৈতিকতা ও সুশাসন, মানসম্মত সেবা প্রদান এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ’ বিষয়ে আলোচনা করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান।
এ ছাড়া বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা পর্যন্ত পবিপ্রবির নাগরিক সনদ ও সেবার মানদণ্ড বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সেকশন অফিসারসহ মোট ১৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।









