মারুফ ইসলাম: পটুয়াখালীতে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশনা এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) কার্যক্রমবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, দৈনিক সাথীর সম্পাদক মো. আনোয়ার হোসেন ও খবর পটুয়াখালীর সম্পাদক আব্দুস সালাম আরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম ফজলুল করিম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুল হুসাইন, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন, পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এবং চ্যানেল আই এর প্রতিনিধি এনায়েত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। সেমিনারে উপস্থাপিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জেলা ও উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, পটুয়াখালী জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ১৬৪টি। এর মধ্যে স্থায়ী প্রতিষ্ঠান ৭০ হাজার ৭৩৬টি, অস্থায়ী প্রতিষ্ঠান ৩ হাজার ৩৯৯টি এবং অর্থনৈতিক পরিবার ৫৮ হাজার ২৯টি। এসব অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন মোট ২ লাখ ৪৫ হাজার ৯৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৩৯৭ জন এবং নারী ৩০ হাজার ৬৯৮ জন। অর্থাৎ কর্মরত মানুষের মধ্যে পুরুষের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ এবং নারীর হার ১২ দশমিক ৫২ শতাংশ। অন্যদিকে, গ্রামাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৩৯৪ জন এবং শহরাঞ্চলে ৭৬ হাজার ৭০১ জন। উপজেলাভিত্তিক হিসাবে কর্মসংস্থানে এগিয়ে রয়েছে পটুয়াখালী সদর উপজেলা। এ উপজেলায় অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন ৫৩ হাজার ৫৫০ জন। এরপর কলাপাড়ায় ৫২ হাজার ৫৯১ জন এবং বাউফলে ৩৬ হাজার ২০০ জন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, অর্থনৈতিক শুমারিতে কৃষি, শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাত অন্তর্ভুক্ত হয়নি। মূলত দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিভিন্ন খাতের অবস্থান মূল্যায়নের লক্ষ্যেই এ শুমারি পরিচালিত হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টারকে (বিএসবিআর) একটি স্থায়ী তথ্যভান্ডার হিসেবে ব্যবহার করা হবে এবং প্রকল্প শেষ হওয়ার পরও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এটি পরিচালিত হবে। তিনি আরও বলেন, শুমারির আওতায় শিল্প ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে। তবে ভাসমান, যাযাবর ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রভিত্তিক পরিবার, বেতনভিত্তিক কর্মচারী, শ্রমিক, দিনমজুর এবং অবৈধ কার্যক্রমের মতো কিছু বিষয় এ শুমারির আওতার বাইরে রয়েছে। শুমারির তথ্যের নির্ভুলতার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, প্রতিটি খানা ও অর্থনৈতিক ইউনিটের তথ্য যথাযথভাবে সংগ্রহ করা জরুরি। কোনো তথ্য বাদ পড়লে পরিসংখ্যান অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হওয়ার আশঙ্কা থাকে। আর ভুল পরিসংখ্যানের ভিত্তিতে সরকারের পক্ষে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়। তিনি বলেন, যেসব দেশের পরিসংখ্যান ব্যবস্থা নির্ভুল ও নিয়মিত হালনাগাদ হয়, সেসব দেশ উন্নয়নে এগিয়ে রয়েছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতির পেছনে সঠিক তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য সঠিক হলে ভবিষ্যতে দেশের কোথায় কোন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন, তা নির্ধারণ করা সহজ হবে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করতেও এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল, শুমারির লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, প্রাপ্ত তথ্যের ব্যবহার এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর)-এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরা, ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য পরিসংখ্যান নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।









