পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে বয়স্ক ভাতা, ভিডব্লিউবি ও প্রতিবন্ধী ভাতা কর্মসূচির কার্যক্রমের সামাজিক নিরীক্ষা বিষয়ে নাগরিক প্রকল্পের গ্রুপ নেতা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে অর্থায়ন করে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশন।
ইটবাড়িয়া ইউনিয়নে সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সির (এসডিএ) প্রকল্প কর্মকর্তা সৈয়দা তাজবীন জাহানের সঞ্চালনায় এবং পটুয়াখালী সদর উপজেলা নাগরিক ফোরামের সভাপতি শ. ম. লেওয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খালেদা আক্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা (রেজিস্টার) মো. মাহাবুবুর রহমান, বদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাবুল আক্তার, ইটবাড়িয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, এসডিএর প্রোগ্রাম ম্যানেজার সৈকত মজুমদার সৌরভ, মনিটরিং কর্মকর্তা আশিকা মেহজাবিন, নাগরিক ফোরামের সভাপতি মো. আব্দুল খালেক, এনজিও প্রতিনিধি মাহফুজা ইসলাম ও সাবরিনা শাহনাজ প্রমুখ।
বয়স্ক ভাতা, ভিডব্লিউবি ও প্রতিবন্ধী ভাতা কর্মসূচির কার্যক্রমের সামাজিক নিরীক্ষাবিষয়ক এ সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক ফোরামের ইটবাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক নুসরাত জাহান নুপুন।
সংলাপে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সামাজিক নিরীক্ষায় অংশগ্রহণকারী, সুশীল সমাজের প্রতিনিধি, নারী, যুবক-যুবতী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।









