পটুয়াখালীর দুমকিতে বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) পশ্চিম লেবুখালী নূর কোচিং সেন্টার প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
দুমকি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ আশীষ হাজরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকির অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন এবং পটুয়াখালী জেলা কালবেলা প্রতিনিধি আরিফ হোসেন।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুদ্দুসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আব্দুল জলিলসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীরা।
বক্তারা বলেন, বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং আত্মনির্ভরশীল করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ২০২৬-২০২৭ অর্থবছরের অপ্রাতিষ্ঠানিক ট্রেডের আওতায় আয়োজিত এই গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।










