মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তবসম্মত অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি—এমন অভিযোগ তুলে পটুয়াখালীর কলাপাড়ার ইটবাড়িয়া গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কপ-৩১ চলাকালে ‘আইল থেকে আনতালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ), প্রান্তজন এবং প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড-পটুয়াখালী)-এর আহ্বায়ক অমল মুখার্জি, সদস্য মেজবাহউদ্দিন মাননু, এসএম মোশারফ হোসেন মিন্টু, ইটবাড়িয়া সৌরবিদ্যুৎ উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি তানজিল জামান জয়, সাধারণ সম্পাদক মো. কাউসার হাওলাদার এবং প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেড-পটুয়াখালীর সদস্যসচিব মো. নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন এখন টিভির জেলা প্রতিনিধি জসিম পারভেজ, একাত্তর টিভির প্রতিনিধি মিলন রাজু, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি ফরিদ উদ্দিন বিপু, প্রান্তজনের প্রতিনিধিরা, সমবায় সমিতির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”
আয়োজকেরা বলেন, এ প্রচারাভিযানের লক্ষ্য স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিগুলো কপ-৩১-এর আলোচনায় যুক্ত করা। কৃষিকে নিছক নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে।










