পটুয়াখালীর দশমিনা উপজেলায় চলতি আমন মৌসুমে ঘূর্ণিঝড়ের প্রভাবে টিপটিপ বৃষ্টিতে আমন ধান নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। উপজেলার সাতটি ইউনিয়নসহ চরাঞ্চলে রোপা আমন ধানের ভালো ফলন দেখে প্রথমে কৃষকরা খুশি হলেও এখন আর সেই আনন্দ নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই দিনের বৃষ্টি ও হালকা বাতাসে কিছু কিছু এলাকার ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। ফলে ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত বুধবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে ফসলি জমিতে পানি জমে গেছে। উপজেলার বাঁশবাড়িয়া, দশমিনা, রণগোপালদী, আলীপুরা, বেতাগী-সানকিপুর, বহরমপুর ও চরবোরহানসহ বিভিন্ন চরাঞ্চলে রোপা আমন ধানের ব্যাপক ফলন দেখা গেছে। চলতি মৌসুমে ধানখেতে পোকার আক্রমণ দেখা যায়নি। তবে বৃষ্টির কারণে ধানগাছ মাটিতে নুয়ে পড়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
অন্যদিকে, উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জনে তেমন কোনো সমস্যা হবে না। বৃষ্টি থেমে যাওয়া এবং ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।










