জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুমকি থানাব্রিজ সংলগ্ন গোলাম সরোয়ার হাফিজিয়া নূরানী মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি ইউট্যাবের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হেমায়েত জাহান বলেন, একটি চক্র দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। তারা দেশে ও বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র করছে। মানুষের জানমালের ক্ষতি করা থেকে আল্লাহ যেন তাদের বিরত রাখেন এবং সঠিক বুঝ দান করে হেদায়েত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. কামাল হোসেন, জিয়া পরিষদ পবিপ্রবি ইউনিটের সাধারণ সম্পাদক ড. হাসিব মোহাম্মদ তুষার, জনসংযোগ বিভাগের প্রধান ড. রাহাত মাহমুদ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ওমর ফারুক। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং গোলাম সরোয়ার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









