পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিচালিত সৃজনী স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও স্বচ্ছ করতে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৃজনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন সৃজনী স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বরিশাল বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সৃজনী বিদ্যানিকেতনের সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটিকে বিভাগের মধ্যে প্রথম সারিতে দেখতে চান তাঁরা। এ লক্ষ্য অর্জনে প্রশাসন ও ম্যানেজিং কমিটিকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপাচার্য বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় আধুনিক প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞান চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সৃজনী স্কুল অ্যান্ড কলেজ সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেশন ব্যবস্থার আওতায় প্রবেশ করছে।
তিনি আরও বলেন, বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ এবং নির্ভুল রাখতে অটোমেশন সফটওয়্যারের বিকল্প নেই। এ সফটওয়্যার চালুর ফলে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, উপস্থিতি, পরীক্ষার ফলাফল প্রকাশ, বেতন-ফি আদায় এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। এতে সময়ের অপচয় কমার পাশাপাশি প্রশাসনিক কাজে স্বচ্ছতা নিশ্চিত হবে।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে উপাচার্য বলেন, প্রযুক্তি কাজকে সহজ করে দিলেও এর সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। শিক্ষকরা দ্রুত নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে এর সর্বোচ্চ সুফল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি অভিভাবকেরা ঘরে বসেই সন্তানদের পড়াশোনার অগ্রগতি ও উপস্থিতির নিয়মিত খোঁজখবর রাখতে পারবেন, যা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় অটোমেশন সফটওয়্যার তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সৃজনী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।










