বাউফলে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া বিচ্ছিন্ন একটি হাত ও দুই পা নিখোঁজ মো. রুহুল আমিন সিকদারের কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে তাঁর পরিবারের কসদস্যদের মধ্যে। উদ্ধার হওয়া হাত ও পায়ের ছবি দেখে সেগুলো নিখোঁজ স্বামী রুহুল আমিনের বলে ধারণা করছেন তাঁর স্ত্রী শাহিনা বেগম (৬০)। তবে ডিএনএ পরীক্ষার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ রুহুল আমিন সিকদারের বয়স ৬৫ বছর। তিনি বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, একটি মামলায় হাজিরা দিতে গত ৪ নভেম্বর ঢাকা থেকে পটুয়াখালী আসেন রুহুল আমিন। মামলার কাজ শেষে তিনি সূর্যমণি ইউনিয়নে তাঁর বড় বোন ফজিলাতুন্নেছার বাড়িতে যান। সেখানে ৬ নভেম্বর পর্যন্ত অবস্থান করেন। ওই দিন সন্ধ্যায় তিনি নুরাইনপুর বন্দরে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
রুহুল আমিনের ছেলে ইমরান হোসেনের শ্বশুর নাসির উদ্দিন জানান, ৬ নভেম্বর আসরের নামাজের পর মুঠোফোনে তাঁর বেয়াই রুহুল আমিনের সঙ্গে কথা হয়। একই দিন সন্ধ্যা ৭টার দিকে রুহুল আমিন তাঁর স্ত্রী শাহিনা বেগমের সঙ্গেও কথা বলেন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তাঁর কোনো সন্ধান মেলেনি।
নাসির উদ্দিন আরও জানান, রুহুল আমিন সিকদার ও তাঁর স্ত্রী শাহিনা বেগম তাঁদের একমাত্র ছেলে ইমরান হোসেনের সাথে ঢাকায় বসবাস করতেন।
এদিকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন একটি হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে নিখোঁজ রুহুল আমিনের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও সন্দেহ দেখা দেয়। উদ্ধার হওয়া অঙ্গগুলোর ছবি দেখে সেগুলো রুহুল আমিনের বলে সন্দেহ করছেন তাঁর স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, রুহুল আমিন নিখোঁজ হওয়ার পর তাঁর ছেলে ইমরান হোসেন ৮ নভেম্বর মৌখিকভাবে বিষয়টি বাউফল থানা-পুলিশকে জানিয়েছিলেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করা হলেও এখন পর্যন্ত মানবদেহের অন্য কোনো অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া হাত ও পা নিখোঁজ রুহুল আমিন সিকদারের কি না, তা ডিএনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।’









