পিরোজপুরের কাউখালীতে মতুয়া আশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। নতুন ধানের মৌসুম, গ্রামবাংলার ঐতিহ্য ও বাঙালির কৃষিভিত্তিক সংস্কৃতিকে ধারণ করে বুধবার (১৮ নভেম্বর) রাতে আশ্রম প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
নবান্ন বাঙালির চিরায়ত ঐতিহ্যের এক আনন্দঘন উৎসব। নতুন ধান ঘরে তোলার আনন্দ, কৃষকের পরিশ্রমের প্রতি সম্মান, নতুন ফসলের অন্ন ভাগাভাগি এবং সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতেই এ উৎসবের আয়োজন করা হয়। নবান্নকে ঘিরে গ্রামবাংলায় যুগ যুগ ধরে চলে আসছে নানা আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও মিলনমেলা। নবান্ন অনুষ্ঠানে মতুয়া আশ্রমের ২২টি অঙ্গসংগঠনের ভক্তবৃন্দ নবান্ন উৎসবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার। মতুয়া আশ্রমের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মাস্টার কিরণ চন্দ্র হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রিপন সিকদার, মাস্টার শ্যামাপ্রসাদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ সিকদার, উদযাপন কমিটির আহবায়ক বিশ্বনাথ হাওলাদার।










