পটুয়াখালীর বাউফল উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ৯৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাউফলের সংসদ সদস্য ড. মো. শফিকুল ইসলাম মাসুদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা যায়।
পোস্টে জানানো হয়, অনুমোদিত প্রকল্পের আওতায় বাউফল উপজেলার বিনিবাজার থেকে মমিনপুর জিপিএস পর্যন্ত সূর্যমনি ইউপিসি ও কেশবপুর বাজার সড়কের একটি খালের ওপর ৯৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে।
সংসদ সদস্য তাঁর পোস্টে প্রকল্পটি অনুমোদনের পেছনে যাঁরা আন্তরিক প্রচেষ্টা, পরামর্শ, সহযোগিতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাউফলের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে। মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
এদিকে সেতুটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন এলাকাবাসী।
বাউফলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ড. মো. শফিকুল ইসলাম মাসুদ।









