পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নম্বর গোলখালী ইউনিয়ন বিভক্ত করে ‘১৩ নম্বর নলুয়াবাগী’ নামে পৃথক ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালীর জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের ১৬ নভেম্বর ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে গোলখালী ইউনিয়ন বিভক্ত করে ‘১৩ নম্বর নলুয়াবাগী’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবটি বিবেচনা করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা, পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত নির্দেশনা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বিভাগের ২৫ অক্টোবর ২০২৬ তারিখের স্মারকে দেওয়া নির্দেশনা প্রস্তাবটির ক্ষেত্রে শিথিল করার কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে, স্থানীয় সরকার বিভাগের এ চিঠির মাধ্যমে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপের পথ তৈরি হয়েছে। তবে চিঠিতে নতুন ইউনিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।









