কালবৈশাখী ঝড়ে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পেছনের গেট ভেঙে পড়ে গুরুতর আহত হওয়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়ন চন্দ্র দাসের (১০) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ওই স্কুল অ্যান্ড কলেজের পেছনের গেট ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়টি অবহিত হওয়ার পরপরই জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে হাসপাতালে পাঠান এবং সার্বিক চিকিৎসা তদারকির নির্দেশ দেন। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অয়নের সিটি স্ক্যান, এক্স-রে ও সিবিসি পরীক্ষা সম্পন্ন করা হয়।
চিকিৎসকদের মতে, তার মাথায় রক্ত জমাট বাঁধার লক্ষণ পাওয়া গেলেও শরীরের গুরুত্বপূর্ণ অংশ স্বাভাবিক রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার একটি বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ওইদিন রাত ১২টার দিকে তার অস্ত্রোপচার শুরু হয়ে ভোর ৩টা ৪৫ মিনিটে সফলভাবে সম্পন্ন হয়। পরদিন সকাল ৮টায় পুনরায় সিটি স্ক্যানের পর চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করেন।
এছাড়া, গেট ধসে পড়ার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন সহকারী কমিশনারকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আহত শিক্ষার্থীর চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









