মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যা মামলার দুই আসামি ইসরাফিল মুন্সী ও তার সহযোগী রুবেল জামিনে বের হয়ে বাদী নিহতের বোনসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত ফেরদৌসের পাঁচ বোন ও দুই ভাইসহ পরিবারের সদস্যরা একারণে চরম আতংকে রয়েছেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের এমন আশঙ্কা প্রকাশ করেন। নিহতের বোন মামলার বাদী হাওয়া বেগম ও মানসুরা বেগম এই সংবাদ সম্মেলন করেন।
গত ৮ জানুয়ারি কলাপাড়ার পশ্চিম মধুখালী ব্রিজ সংলগ্ন শাখা নদীর তীর থেকে কাদামাটির নিচে চাপা দেওয়া ফেরদৌস মুন্সীর মরদেহ পুলিশ উদ্ধার করে। ঘটনার দুই দিন আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সংবাদ সম্মেলনে তার দুই বোন হাওয়া বেগম ও মানসুরা বেগম বলেন, তাদের আপন বড় ভাই ফোরকান মুন্সী তাদের পৈত্রিক জমি দখল করতে তার ভাইকে ভাড়াটে লোক দিয়ে এ হত্যাকান্ড ঘটায়।
এ ঘটনায় ফোরকান মুন্সী, ইসরাফিল, রুবেল, ইউসুফ ফকির ও ফোরকান মুন্সীকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু ইসরাফিল ও রুবেল জামিনে বের হয়ে নিহতের ভাই ও বোনদের পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। তারা জামিনে বের হওয়া আসামিদের গ্রেফতার ও বিচার দাবি করেন প্রশাসনের কাছে। তারা এঘটনায় পুলিশি নিরাপত্তা চেয়েছেন।









