মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় নাচনাপাড়া মহল্লায় আরপাঙ্গাশিয়া নদীর তীরের তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, ড্রাম চিমিনির ব্যবহার, অনুমতিবিহীন টপ সয়েল কাটার অপরাধে তিনটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় কাঁচা ইট, প্রস্তুতকৃত ইট, ড্রাম চিমনি ও ভাটার চুল্লি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। মেসার্স ভাই ভাই, বিসমিল্লাহ ব্রিকস ও মেসার্স দেশ ব্রিকসে বুধবার বিকালে এই অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামিম। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ এর দিক নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক ও সহকারী বন সংরক্ষক পটুয়াখালী উপস্থিত ছিলেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী এই জরিমানা করা হয়।









