জমিতে রোপণ করা ধানের চারা দেখতে গিয়ে সাপের কামড়ে হেলাল খন্দকার (২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরবেস্টিন গ্রামে এ ঘটনা ঘটে। হেলাল খন্দকার ওই এলাকার সবুজ খন্দকারের ছেলে। রাত সাড়ে ১০টার দিকে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, প্রায় এক বছর আগে হেলাল খন্দকারের বিয়ে হয়। তার স্ত্রী উর্মি ছয় মাসের অন্তঃসত্ত্বা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জমিতে রোপণ করা ধানের চারা দেখতে গেলে হেলালকে সাপে কামড় দেয়। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সর্মিলা হোসাইন দোলন জানান, সাপের কামড়েই হেলাল খন্দকারের মৃত্যু হয়েছে।









