পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামে গতকাল রোববার (৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক দাতা সংস্থা কমিউনিটি পার্টনারস ইন্টারন্যাশনালের (সিপিআই) প্রধান নির্বাহী ডা. সিথোরা, প্রধান পরিচালন কর্মকর্তা মিজ. মারজান বেসুজি, সিপিআই বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আবুল বাশারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় তাঁরা সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) কর্তৃক বাস্তবায়িত ‘ওয়াশ অ্যান্ড বায়োগ্যাস: অ্যান অলটারনেটিভ সোর্স অব এনার্জি’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
প্রকল্পটির মাধ্যমে মিনি পাইপ ওয়াটার সিস্টেমের সাহায্যে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের প্রায় ৫০০ পরিবারের দীর্ঘদিনের পানীয় জলের সংকট নিরসন সম্ভব হয়েছে। নিরাপদ পানির সহজলভ্যতা, উন্নত ওয়াশ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং মানববর্জ্য ও রান্নাঘরের বর্জ্য ব্যবহারের মাধ্যমে রান্নার গ্যাস উৎপাদনের লক্ষ্য নিয়ে ২০২২ সাল থেকে প্রকল্পটি কাজ করে আসছে।
দাতা সংস্থা সিপিআইয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পূর্ব খলিশাখালী মিনি পাইপ ওয়াটার নেটওয়ার্ক-২-এর আওতায় সংযোগ পাওয়া পরিবারগুলো পরিদর্শন করেন এবং তাঁরা কী কী সুবিধা পাচ্ছেন, সে বিষয়ে খোঁজখবর নেন। পরে পশ্চিম খলিশাখালীতে নতুন মিনি পাইপলাইন নেটওয়ার্ক-৩-এর মাধ্যমে নিরাপদ পানির সংযোগ কার্যক্রম পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কমিউনিটির সদস্যরা বলেন, ‘এখন আর পানির জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না। দূর থেকে কষ্ট করে পানি আনতে হয় না। বর্তমানে আমরা নিরাপদ পানি পাচ্ছি। পানিবাহিত ডায়রিয়া, টাইফয়েড ও জন্ডিসের মতো রোগের ঝুঁকিও কমেছে।’
এসডিএর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন বলেন, ‘পানি এখন অনেক সহজলভ্য হয়েছে। তবে কোনোভাবেই যেন পানির অপচয় না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
সিপিআই বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আবুল বাশার বলেন, ‘বাড়িতে পানি পাওয়ায় নারীদের অনেক সময় সাশ্রয় হচ্ছে। ফলে তাঁরা পরিবারের জন্য আয়বর্ধনমূলক কাজ এবং শিশুদের দেখাশোনায় বেশি সময় দিতে পারছেন। এর মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নও হচ্ছে।’
পরিদর্শক দলের সদস্যরা পানি ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তাঁরা প্রকল্পের আওতায় বাস্তবায়িত গভীর নলকূপ ও বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেন।








