গলাচিপায় বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখলের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার পানপট্টি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল করা হয়। বিএনপির কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।
পানপট্টি ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নাসির উদ্দিন টিপু পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানার কাছে ইউনিয়ন পরিষদের ব্যবহৃত গোডাউনটি ভাড়া নেওয়ার প্রস্তাব দেন। চেয়ারম্যান গোডাউনটি ভাড়া দিতে সম্মত হননি। সোমবার সকালে পানপট্টি মুক্তিযুদ্ধের বাজার-সংলগ্ন গোডাউনটিতে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টানানো দেখতে পান এলাকাবাসী।
এ ব্যাপারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নাসির উদ্দিন টিপু মুঠোফোনে জানান, কে বা কারা সাইনবোর্ড টানিয়েছে, তা তিনি জানেন না।
পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা জানান, গোডাউন ভাড়া দেওয়ার এখতিয়ার তাঁর নেই। বিএনপির নেতারা তাঁর কাছে ভাড়ার জন্য এসেছিলেন। তিনি অপারগতা প্রকাশ করেছেন।
গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শাহীন বলেন, তাঁর জানামতে, গোডাউন দখলের সঙ্গে বিএনপির কোনো লোক জড়িত নন। আর গলাচিপা উপজেলায় কোনো ইউনিয়নেই বিএনপির কমিটি নেই।
উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা বলেন, বিএনপির সুনাম নষ্ট করার জন্য ষড়যন্ত্রকারীরা এমন ঘটনা ঘটাতে পারে। দ্রুত আমাদের নেতাকর্মীদের সাইনবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছি।








