পটুয়াখালীর কলাপাড়ায় আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস ঢাকা থেকে কুয়াকাটায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা আইকনিক পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫ নম্বরের বাসটি কলাপাড়ার খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বাসটি দ্রুতগতিতে চলছিল এবং চালকের চোখে ঘুম থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।
দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ট্রাফিক ও উদ্ধারকারী দলের টিম লিডার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। বাস থেকে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে সটকে পড়েছেন। অর্ধনিমজ্জিত বাসটি উদ্ধারে পুলিশ কাজ করছে।









