পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের আওতাধীন পাঁচলালীর চরে ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রেকর্ডীয় জমির মালিকেরা। এ সময় জমিতে চাষাবাদে বাধা, হামলা ও মারধরের অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবি জানান তাঁরা।
রোববার (২৫ অক্টোবর) উপজেলার পূজাখোলা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি জিয়াউদ্দিন তালুকদার।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ অক্টোবর চর এলাকার স্থানীয় মনির চৌকিদার গং রেকর্ডীয় জমির মালিকদের চাষাবাদে বাধা দেন। একপর্যায়ে তাঁদের ওপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় জমির রেকর্ডীয় মালিকসহ ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে মোস্তফা খলিফা ও আউয়াল ফকিরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য আহতদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় গত ২৩ অক্টোবর ১১ জনকে আসামি করে দশমিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা।
তবে অভিযোগ অস্বীকার করে মামলার আসামি মনির চৌকিদার বলেন, ‘আমরা কাউকে মারধর করিনি। তাঁরা আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে মামলা দায়ের করছেন।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাকুর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।








