বগুড়ার শিবগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে পড়ে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগম এবং এক পথচারী আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে, গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামের ওই পথচারীকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সরকারি গাড়িতে করে প্রতিমন্ত্রী আবদুল বারী তাঁর নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন। তাঁর সঙ্গে স্ত্রী নাজমা আরা বেগম ছিলেন। তাঁদের নিরাপত্তায় পুলিশের একটি গাড়িও ছিল।
কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর পর পুলিশের নিরাপত্তা গাড়িটি আগে চলে যায়। এ সময় ফিরোজা বেগম মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। হঠাৎ তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে এলে তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে পড়ে যায়।
প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেন, পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই এক নারী পথচারী হঠাৎ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে তাঁদের গাড়ির সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে প্রতিমন্ত্রী ও তিনিও আহত হয়েছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, দুর্ঘটনায় পথচারী নারী সামান্য আহত হয়েছেন। প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাট পাঠানো হয়েছে। গাড়িতে থাকা প্রতিমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। দুর্ঘটনাকবলিত সরকারি গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।








