জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ুবিষয়ক সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী কোডেক ট্রেনিং সেন্টারে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালনায় ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সংকট, জলবায়ু ঝুঁকি ও ক্ষয়ক্ষতি, দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি জলবায়ুসংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সঠিক ও সময়োপযোগীভাবে তা গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়ানো হচ্ছে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, দুর্যোগঝুঁকি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও জনবান্ধব সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের কার্যকর ভূমিকা আরও জোরদার করাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।








