রাইয়ান নুর সুহাদ, পটুয়াখালী: একই ইউনিয়ন ও ওয়ার্ডে একাধিক নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের প্রস্তাব বাতিলসহ আট দফা দাবিতে পটুয়াখালীতে কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, মুসলিম কল্যাণ সমিতি ঐক্য পরিষদ ও কাজী সমিতি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবিত “মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০২৬” এর খসড়ায় প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় ও শরিয়াহগত যোগ্যতা ছাড়াই সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। এতে বিদ্যমান কর্ম-এলাকা ও অধিক্ষেত্রের কাঠামো বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিবাহ নিবন্ধন কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে।
বক্তারা আরও বলেন, নিকাহ রেজিস্ট্রাররা সরকারি কোনো বেতন-ভাতা পান না। বিবাহ ও তালাক নিবন্ধন থেকে প্রাপ্ত অর্থই তাঁদের আয়ের একমাত্র উৎস। মাঠপর্যায়ের জরিপ অনুযায়ী, একজন নিকাহ রেজিস্ট্রারের বার্ষিক গড় আয় ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এ আয় দিয়ে সংসার চালানো কঠিন। একই এলাকায় একাধিক কাজী নিয়োগ করা হলে কর্মরত নিকাহ রেজিস্ট্রার ও তাঁদের পরিবার আর্থিক সংকটে পড়বেন।
তাঁদের আট দফা দাবির মধ্যে রয়েছে—বিদ্যমান কর্ম-এলাকা ও অধিক্ষেত্র বহাল রাখা; একই এলাকায় একাধিক কাজী নিয়োগের প্রস্তাব বাতিল; মৃত বা অবসরপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারের যোগ্য পুত্রকে লাইসেন্স প্রদানে অগ্রাধিকার; নিয়োগে ধর্মীয় ও শরিয়াহগত যোগ্যতা নিশ্চিত করা; অবসরের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ; বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি; অনলাইন নিবন্ধনের করণিক ভুল সংশোধনে সহজ নীতিমালা প্রণয়ন; নোটারি পাবলিকের মাধ্যমে অবৈধ বিবাহ ও তালাক নিবন্ধন বন্ধ করা এবং বিধিমালা প্রণয়নে গঠিত উপদেষ্টা কমিটিতে কাজীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করে অংশীজনদের মতামত গ্রহণ।
কর্মসূচিতে বক্তব্য দেন কাজী সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা ফারুকে আজম, সাধারণ সম্পাদক মাওলানা মো. আসাদুল হক, পটুয়াখালী জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ অলিউল্লাহ, সহ-সভাপতি মাওলানা সৈয়দ মোহাম্মদ আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন শিকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
কর্মসূচি থেকে বক্তারা প্রস্তাবিত খসড়া বিধিমালা সংশোধন এবং পেশাগত অধিকার সুরক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দাবি পূরণ না হলে মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশসহ দেশব্যাপী আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তাঁরা।










