পটুয়াখালীতে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক মুক্তিযোদ্ধার হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার টাকা করে চেক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদ, পটুয়াখালীর উদ্যোগে এ সম্মাননা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সেহাংগু সরকার (কুটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাফাক আহমেদ (পিনু)। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান (টোটন)।
অনুষ্ঠানে জেলার ৩৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক ও ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রধান অতিথির বক্তব্যে সেহাংগু সরকার (কুটি) বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের কল্যাণে ভবিষ্যতে জেলা পরিষদের পক্ষ থেকে আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।









