পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রাইভেট পড়তে বের হয়ে আবির হোসেন (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে না পেয়ে মির্জাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
নিখোঁজ আবির হোসেন মাধবখালী ইউনিয়নের কিসমত শ্রীনগর গ্রামের বাসিন্দা আরিফ হোসেন পান্নুর ছেলে। সে কিসমত শ্রীনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আবির প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। তবে যে শিক্ষকের কাছে পড়ার কথা বলেছিল, সেদিন ওই শিক্ষকের কাছে তার কোনো প্রাইভেট ছিল না। দুপুরে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের সময় আবিরের পরনে ছিল কালো রঙের টি-শার্ট, ফুল প্যান্ট ও স্যান্ডেল।
আবিরের বাবা আরিফ হোসেন পান্নু বলেন, “প্রাইভেট পড়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয়েছিল। দুপুরে বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করি। কিন্তু এখন পর্যন্ত কোথাও তার সন্ধান পাইনি।”
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় তার নিখোঁজের বিষয়ে বার্তা পাঠানো হয়েছে।
কেউ আবিরের সন্ধান পেলে মির্জাগঞ্জ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।









