পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের দৃষ্টিনন্দন প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। একই দিনে নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘Developing the Mindset for Successful University Journey’ শীর্ষক সেমিনার ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে প্রধান ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আজ এএনএসভিএম অনুষদের জন্য অত্যন্ত আনন্দের দিন। নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত মান বজায় রেখে দৃষ্টিনন্দন এই ফটকের নির্মাণকাজ শেষ হয়েছে।” এ স্থাপনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের শ্রম, মেধা ও আন্তরিকতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উপাচার্য ঘোষণা দেন, অনুষদের শিক্ষার্থীদের জন্য শিগগিরই ছয়তলা আবাসিক হল ও ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলার মাঠের সমস্যা সমাধান, মাঠ সংস্কার এবং দ্রুত দুটি ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের কথাও জানান তিনি।
পরে বেলা সাড়ে ১১টায় উপাচার্য অনুষদীয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনের সামনে গাছের চারা রোপণ করেন।
এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব রাখা জরুরি। বৃক্ষরোপণ ক্যাম্পাসে ছায়া দেওয়ার পাশাপাশি মাছের পোনা অবমুক্তকরণ মৎস্যসম্পদের টেকসই উন্নয়নের প্রতীকী ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রকৃতি ও প্রযুক্তির সুষম সমন্বয় ঘটানোই তাদের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত লেভেল-১, সেমিস্টার-১ শিক্ষার্থীদের ‘Developing the Mindset for Successful University Journey’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নেছারউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভেটেরিনারি মেডিসিন শুধু একটি পেশা নয়, এটি একটি মহৎ পেশা। অবলা প্রাণীর সেবা, দেশের প্রাণিসম্পদ রক্ষা এবং মানুষের জন্য নিরাপদ আমিষের জোগান নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ভবিষ্যতে তাদের কাঁধে থাকবে।
তিনি শিক্ষার্থীদের শুধু ভালো সিজিপিএ অর্জনের পেছনে না ছুটে দক্ষ ভেটেরিনারিয়ান ও মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ল্যাবরেটরি ও গবেষণাগারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শও দেন তিনি।
উপাচার্য বলেন, সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়; এটি ধারাবাহিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার প্রথম শর্ত হলো সঠিক মানসিকতা বা ‘মাইন্ডসেট’। শিক্ষার্থীদের ফিক্সড মাইন্ডসেট পরিহার করে ‘গ্রোথ মাইন্ডসেট’ ধারণ করতে হবে। কঠোর পরিশ্রম, সঠিক কৌশল ও শেখার আগ্রহের মাধ্যমে কঠিন পরিস্থিতি ও নতুন দক্ষতা অর্জন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
দুপুর ১২টায় এএনএসভিএম অনুষদের অডিটোরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. আহসানুর রেজার সভাপতিত্বে এবং শিক্ষার্থী সুজন মৃধা হাং ও আতকিয়া সানজিদা নোভার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নেছারউদ্দিন আহমেদ, অনুষদীয় ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম ও অধ্যাপক মোসাম্মৎ কুলসুম বেগম।
অনুষ্ঠানে শিক্ষার্থী মারিন দেওয়ান, আরাফ আলম দিগন্ত, মাসতুরা ইতি ও আকলাক আলম সাজিতসহ অন্যরা বক্তব্য দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইউনুছ শরীফ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, উপাচার্যের একান্ত সচিব কৃষিবিদ আরিফুর রহমান, উপপরিচালক খায়রুল বাশার মিয়াসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।









