পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চান্দপুর গ্রামে দেশীয় ও পরিযায়ী পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে পাখির কলোনি ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশে এবং দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধার দিকনির্দেশনায় চান্দপুর গ্রামের বাসিন্দা আতীকুর রহমান সাগরের বাড়িকে ‘বিহঙ্গ বিলাস’ হিসেবে অভিহিত করা হয়। উপকূলীয় বন বিভাগ ও অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ‘বিহঙ্গ বিলাস’ নামে পাখির কলোনি ঘোষণার সাইনবোর্ড স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতীকুর রহমান সাগর, চান্দপুর ওয়ার্ড ইউপি সদস্য মো. ইয়াকুব হাওলাদার, উপকূলীয় বন বিভাগের উপজেলা বিট কর্মকর্তা ইলিয়াস হোসেন এবং অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সভাপতি সোহেল হোসেন রাসেলসহ স্থানীয়রা।
উদ্যোক্তারা জানান, দেশীয় ও পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং পাখি সংরক্ষণে স্থানীয়দের উৎসাহিত করতেই ‘বিহঙ্গ বিলাস’ ঘোষণা করা হয়েছে। এটি দশমিনা উপজেলায় পাখি সংরক্ষণের দ্বিতীয় কলোনি হিসেবে ঘোষণা করা হলো।









