বাউফল প্রতিনিধি: বাউফলে ছাত্রদলের এক নেতার মদপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ভাইরাল হওয়া ভিডিও ব্যক্তি উপজেলা ছাত্রদলের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ সাজিদ (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, সাজিদ একটি মদের বোতল থেকে ছয়টি প্লাস্টিকের কাপে তরল পানীয় ঢালছেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে বিভিন্ন ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
আবদুল্লাহ সাজিদ উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।
এ বিষয়ে আবদুল্লাহ সাজিদ বলেন, ভাইরাল হওয়া ভিডিওর ব্যক্তি আমি নই। আধুনিক প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি ছড়ানো হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামীম চৌধুরী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তির প্রশ্নে কোনো ধরনের অনিয়ম বা বিতর্কিত কর্মকাণ্ড প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









