গণদাবী রিপোর্ট: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার (৯ জুন) বিকাল ৩টায় তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, পবিত্র হজ্জ পালন শেষে আজ দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসযোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছালে তাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান আগামীকাল সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে কার্যভার গ্রহণ করবেন। তাঁর এই আগমনে বিশ্ববিদ্যালয় পরিবারের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।









