মাদক মামলায় আদালতের আদেশে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন সরকারি এক কর্মচারী। কিন্তু কারাগারে প্রবেশের মাত্র এক ঘণ্টার মধ্যেই তাঁর মুক্তি পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চগড়ে নানা প্রশ্ন ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত কর্মচারীর নাম রিয়াজুল ইসলাম। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত।
আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হওয়ার দিনেই কারামুক্তির বিষয়টি স্বীকার করে রিয়াজুল বলেন, ‘আমাকে মুক্তি দিয়েছে, আমি চলে এসেছি।’ তবে কীভাবে তিনি মুক্তি পেয়েছেন, সে বিষয়ে আদালতের ওপর দায় চাপান তিনি।
অন্যদিকে জেলা কারাগার কর্তৃপক্ষের দাবি, কারাবিধি অনুসরণ করেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। ঘটনার ২২ দিন পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর রাতে পঞ্চগড় বিসিক শিল্পনগরী এলাকায় মাদক সেবনের অভিযোগে রিয়াজুল ইসলাম ও তাঁর সহযোগী নুর আলমকে আটক করেন স্থানীয় মাদকবিরোধী কমিটির সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পঞ্চগড় সদর থানা-পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
পরদিন সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় তাঁদের পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দুজনকেই তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাঁদের পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, কারাগারে প্রবেশের প্রায় এক ঘণ্টার মধ্যেই দুজন মুক্তি পেয়ে বাড়ি ফিরে যান।
এ বিষয়ে পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে মুঠোফোনে তিনি জানান, কারাবিধি অনুযায়ী কোনো আসামির মুক্তির দিন সরকারি ছুটির দিন হলে ছুটির আগের দিন তাঁকে মুক্তি দেওয়া যেতে পারে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন বলেন, ‘ভূমি অফিসের ওই কর্মচারীর মাদকসংক্রান্ত বিষয়টি আমার জানা নেই। তবে তিনি সাজাপ্রাপ্ত হয়ে থাকলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আদালতের দেওয়া তিন দিনের কারাদণ্ডের আদেশের পরও কীভাবে মাত্র এক ঘণ্টার মধ্যে কারামুক্তি ঘটল, তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।










