পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ির পাশাপাশি জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন অটোভ্যানটিও হারিয়েছেন ইউসুফ। একদিকে মাথা গোঁজার ঠাঁই হারানো, অন্যদিকে আয়ের পথ বন্ধ—সব মিলিয়ে চরম অসহায় হয়ে পড়েছেন তিনি। অসুস্থ মায়ের চিকিৎসা ও পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ নিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।
শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবা ডাঙ্গাপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইউসুফের বসতঘরের আসবাবপত্রসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে অটোভ্যানটি চার্জে থাকা অবস্থায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ইউসুফ অটোভ্যান চালিয়ে যে আয় করতেন, তা দিয়েই অসুস্থ মায়ের ওষুধ কেনাসহ পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ চলত। কিন্তু আগুনে বসতবাড়ির সঙ্গে জীবিকার একমাত্র অবলম্বনটিও হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
এ অবস্থায় ঘরবাড়ি ও জীবিকার একমাত্র অবলম্বন হারানো অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।










