ইসলামি সাংস্কৃতিক আবহে নবীনবরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, গাইডেন্স সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ইর্তিকা’২১’। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
‘উৎকর্ষের সোপানে, স্বপ্নের দিগন্তে’ প্রতিপাদ্যে সোমবার (২৩ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া আয়োজনের অংশ হিসেবে ছিল গাইডেন্স সিম্পোজিয়াম, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। গাইডেন্স সিম্পোজিয়ামে তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, দ্বীনি অনুশাসন ও আমল-নসিহতের চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি ঈমান, দ্বীন ও নৈতিক মূল্যবোধের চর্চা ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
বিকেল সাড়ে ৩টায় অংশগ্রহণকারীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিদায়ী শিক্ষার্থীদের হাতে আল-কুরআনুল কারিম, সম্মাননা ক্রেস্ট, উত্তরীয়, পোলো শার্ট বা চেরি হিজাব, চাবির রিং ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি নবীন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আল-কুরআন, পোলো শার্ট বা হিজাব, চাবির রিং ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ‘সীরাহ ৩৬০°: রহমাতুল্লিল আলামিন ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ ও ফজর ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সীরাহ প্রতিযোগিতায় সেরা দশ বিজয়ীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের মো. মেহেদী হাসান। দ্বিতীয় হন ফার্মেসি বিভাগের রহমাতুল্লাহ আল আরাবী এবং তৃতীয় স্থান অর্জন করেন ব্যবস্থাপনা বিভাগের মো. আলী কাদের।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় ‘মেহফিল-ই-ইর্তিকা’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সংগীত পরিবেশন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আজাদী মঞ্চ’। তাদের পরিবেশনায় কাওয়ালি ও নাতে রাসূল (সা.) উপভোগ করেন উপস্থিত শিক্ষার্থীরা। রাত প্রায় ১১টা পর্যন্ত চলা এ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ‘ইর্তিকা’২১’-এর আয়োজন।










