পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান সবুজ। এর আগে তিনি দীর্ঘ সাড়ে ১৬ বছরেরও বেশি সময় ধরে একই বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। নতুন দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তিনি আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
কর্মজীবনে মাহফুজুর রহমান সবুজ পবিপ্রবি প্রতিষ্ঠার পর ২০০৩ সালের ১১ জানুয়ারি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে ২০০৮ সালে সহকারী পরিচালক এবং ২০১২ সালে উপপরিচালক পদে পদোন্নতি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী পাঁচ বছর পর পরিচালক পদে পদোন্নতির সুযোগ থাকলেও তৎকালীন প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক রোষানলের কারণে দীর্ঘদিন তিনি পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন বলে জানা গেছে।
শিক্ষাজীবনে তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী এ কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি এবং পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৯১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৯৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। পরবর্তীতে একই বিষয়ে এমএসএস সম্পন্ন করেন। এ ছাড়া ২০০৮ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা (Post Graduate Diploma in Journalism) অর্জন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পাশাপাশি জাতীয় ও স্থানীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি জাতীয় দৈনিক দিনকাল ও দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে সাংবাদিকতা করেন। পাশাপাশি পটুয়াখালী থেকে প্রকাশিত পাক্ষিক সাহিত্য পত্রিকা ‘সাগরকন্যা’র সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি পটুয়াখালী প্রেসক্লাবের তিনবার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি পটুয়াখালী জেলা ছাত্রদলের কার্যকরী কমিটির জ্যেষ্ঠ সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে মাহফুজুর রহমান সবুজ এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। শৈশবের একটি স্মৃতির কথা উল্লেখ করে জানা যায়, ১৯৭৯ সালে বরগুনা জেলা স্কুলসংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া এলাকায় খাল খনন কর্মসূচিতে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আগমন উপলক্ষে তাঁর সান্নিধ্য লাভের সুযোগ হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাঁর গভীর শ্রদ্ধাবোধ তৈরি হয় বলে উল্লেখ করা হয়েছে।
নতুন দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সমাজের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।










