পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান এবং কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রাকিবুল আহসানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ সময় বাড়িগুলোর জানালার কাচ ভাঙচুর করা হয়। এতে বাড়িতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় হামলার শিকার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তবে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।
অপরদিকে, সন্ত্রাসবিরোধী অভিযানে শুক্রবার রাতে লালুয়া ইউনিয়নের পাঞ্জুপাড়া এলাকা থেকে রাব্বি খান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা-পুলিশ।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভা করেছেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এ সময় দলের নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
সভায় এবিএম মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেন।
পরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা কলাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়কে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় তাঁরা শহরের প্রধান প্রধান সড়কে অবস্থান নেন এবং মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।









