‘দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ স্লোগানে পটুয়াখালীতে দুর্নীতিবিরোধী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সচেতন নাগরিক কমিটি (সনাক), পটুয়াখালীর উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, আবদুল করিম মৃধা কলেজ, হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রি কলেজ ও মোহাম্মদ ইসহাক মডেল ডিগ্রি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ফজলুর রহমান। সনাক সভাপতি অ্যাডভোকেট সহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ রাশিদুল হাসান। স্বাগত বক্তব্য দেন সমাবেশ আয়োজক কমিটির আহ্বায়ক মো. জাবিদুল হক খান।
সমাবেশে তথ্য অধিকার আইন-২০০৯, টিআই ও টিআইবি বিষয়ে উপস্থাপনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর (সিই) মো. মনিরুল ইসলাম। পরে তথ্য অধিকার আইন বিষয়ে কুইজ প্রতিযোগিতা, কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতা অবলম্বনে আবৃত্তি প্রতিযোগিতা, ‘গণতন্ত্রের বাংলাদেশ’ বিষয়ে বারোয়ারি বক্তৃতা এবং ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মই প্রধান শক্তি’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় পটুয়াখালী সরকারি কলেজের দল চ্যাম্পিয়ন এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের দল রানারআপ হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এসিজি ও ইয়েস সদস্যদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী গম্ভীরা। এতে বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র তুলে ধরা হয়।
সমাপনী আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতি দেখলে নীরব থাকা যাবে না, এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতিবিরোধী কার্যক্রমে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নিজেদের রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন সম্পর্কে জানা এবং এর যথাযথ চর্চা নিশ্চিত করা জরুরি।
আলোচনায় আরও অংশ নেন সনাক সদস্য রাধেশ্যাম দেবনাথ, মোহাম্মদ ইসহাক মডেল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মো. নেছার উদ্দিন, শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি এস এম ফরিদ উদ্দীন, বিতর্ক সংগঠক মুশফিকুর রহমান তুহিন, সোনামনি এবং ইয়েস দলনেতা শামীম আকন প্রমুখ।
এ সময় অংশগ্রহণকারী কলেজগুলোর শিক্ষক-শিক্ষার্থী, সনাক, ইয়েস ও এসিজি সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়েস সদস্য মো. শাকিব ও অলিমা আক্তার।









