কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পটুয়াখালীতে প্রথমবারের মতো খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পটুয়াখালী জেলা মডেল মসজিদসংলগ্ন মাঠে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
“নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই” এই স্লোগানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি ও জামিয়া আশরাফিয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদিস মাওলানা আব্দুল হক কাওসারী। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবু সাঈদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমির ও নারায়ণগঞ্জের ডিআইটি পীর সাহেব আল্লামা আব্দুল আউয়াল। এ ছাড়া নেছারাবাদের পীর সাহেব মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী, আল্লামা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মুফতি সৈয়দ এছহাক মো. আবুল খায়ের ও আল্লামা ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলীসহ দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ট আলেম-ওলামা বক্তব্য দেন।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার মুসল্লি, আলেম-ওলামা ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
বক্তারা তাঁদের ধর্মীয় বিশ্বাস তুলে ধরে বলেন, হযরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী এবং তাঁর পরে আর কোনো নবী আসবেন না—এ বিশ্বাস মুসলমানদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের দাবি, খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ ও ধর্মীয় বিশ্বাসের সুরক্ষায় জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
বক্তারা আরও বলেন, মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠায় পারস্পরিক মতপার্থক্য ও বিভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। নিজ নিজ মতাদর্শ ও অবস্থান বজায় রেখেই ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। একই সঙ্গে খতমে নবুওয়তের প্রশ্নে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে আলেম-ওলামা, মাশায়েখ ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান বক্তারা।









