কলাপাড়া পৌরএলাকা এখন অবৈধ যানবাহনের শহরে পরিণত হয়েছে। এসব যানবাহনের চাপে শহরবাসীর বেহাল দশা। শহরের ধারণক্ষমতার তুলনায় তিন গুণের বেশি যানবাহন চলাচল করায় পৌরবাসীকে অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। অটোবাইক, মিশুক ও অটোরিকশার পাশাপাশি অবৈধ কৃষিযান ট্রলি ও হামজা শহরবাসীকে কার্যত জিম্মি করে ফেলেছে। যানজটের পাশাপাশি অসহনীয় শব্দদূষণের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য শহরের সড়কগুলোতে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ইতোপূর্বে শহরে দিনের বেলায় মালবাহী ট্রাক ও ট্রলি প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু বর্তমানে এসব যানবাহন অবাধে চলাচল করছে। এ ছাড়া শহরের ব্যস্ততম সড়কের দুই পাশে শত শত মোটরসাইকেল সবসময় পার্কিং করে রাখা হয়। ফুটপাত দখল করে ব্যবসায়ীরা দোকানের মালামাল রাখছেন। এক কথায়, শহরজুড়ে বিরাজ করছে বিশৃঙ্খল অবস্থা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ শহরের সড়কে চলাচলের ক্ষেত্রে যানবাহন কিংবা চালকের কোনো ধরনের লাইসেন্সের প্রয়োজন নেই। এমনকি শিশু-কিশোররাও অটোবাইক চালক হিসেবে শহরের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। সবকিছুই চলছে যেন ফ্রি-স্টাইলে। অথচ এসব অনিয়ম প্রতিরোধে পৌর কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ নেই।
কলাপাড়া পৌরসভার কর নির্ধারক রফিকুল ইসলামের দেওয়া তথ্যানুসারে, শহরটিতে লাইসেন্সধারী প্রায় এক হাজার অটোবাইক, মিশুক ও অটোরিকশা রয়েছে। তবে এর মধ্যে ২৭৫টি মিশুক, ২১৬টি অটোবাইক ও অর্ধশতাধিক অটোরিকশার লাইসেন্স নবায়ন করা হয়েছে। অথচ বাস্তবে শহরটিতে দুই হাজারের বেশি এসব যানবাহন চলাচল করছে। এসব যানবাহনের অনেক চালকই শিশু। ফলে যাত্রীদের জন্য এসব যানবাহনে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া ট্রাক, ট্রলি, হামজা, ভ্যান, টমটম ও মাহেন্দ্রের চলাচলও রয়েছে।
বর্তমানে অবৈধ যানবাহনের চাপে শহরটিতে চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রায় সবসময়ই লেগে থাকে যানজট। পৌরসভা কর্তৃপক্ষের কার্যকর তদারকি না থাকায় অবৈধ যানবাহনের চলাচল বন্ধ হচ্ছে না। নাগরিক সেবা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন পৌরবাসী।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’র সভাপতি নজরুল ইসলাম জানান, অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং বৈধ যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে শহরবাসীর ভোগান্তি কমবে না। এ জন্য পৌরসভা কর্তৃপক্ষের আন্তরিকতার সঙ্গে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
কলাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাব্যলাল চক্রবর্তী জানান, কলাপাড়া পৌরশহরে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।









