পটুয়াখালীর দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নে উদ্যোক্তা কৃষকরা কৃষি খামারের চারদিকে আগাম শীতকালীন শিম চাষ করে ব্যাপক লাভের আশা করছেন। কৃষকরা মাচা ছাড়াও ছোট-বড় গাছের পাশে শিমের আবাদ করেছেন। শিমগাছে ফলন দেখে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তারা।
উপজেলার কৃষকরা একসময় পারিবারিক চাহিদা মেটাতে বাড়ির আশপাশে ও সড়কের দুই পাশে স্বল্প পরিসরে শিম চাষ করতেন। বর্তমানে হাটবাজারে শিমের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষকরা বাণিজ্যিকভাবে এ সবজির চাষ করছেন।
উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা মো. ওবায়দুল হক সরকার তাঁর কৃষি খামারে বাণিজ্যিকভাবে শিম চাষ করে লাভের স্বপ্ন দেখছেন। আগাম শিম চাষে লাভবান হওয়ার আশায় উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরাও এ চাষে ঝুঁকছেন। ফলে উপজেলায় শিমের আবাদ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে।
চলতি রবি মৌসুমে উপজেলার উদ্যোক্তা কৃষকরা খামারের চারদিকে মাচা নির্মাণ করে শীতকালীন শিমের চাষ করেছেন। কৃষক ওবায়দুল হক জানান, ভাদ্র মাসের শুরুতে শিমের বীজ বপনের পর আশ্বিন মাসের শেষ দিকে গাছে ফুল আসতে শুরু করে। এরপর ফলন আসতেও বেশি সময় লাগে না। আবহাওয়া অনুকূলে থাকায় এবার শিমের ফলন ভালো হয়েছে। আগাম শিম সংগ্রহের পর বাজারে বিক্রির জন্য পাঠানো হচ্ছে। আগাম শিমের বাজারমূল্য বেশি হওয়ায় কৃষকরা লাভের মুখ দেখছেন। উপজেলার হাটবাজারে প্রতি কেজি শিম ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগাম জাতের শিম পেয়ে ক্রেতারাও কমবেশি কিনছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উদ্যোক্তা কৃষকরা আগাম শীতকালীন শিম চাষ করছেন। উন্নত জাত, চারা উৎপাদন ও বপনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ায় কৃষক পর্যায়ে বাণিজ্যিকভাবে শিমের আবাদ সম্প্রসারিত হচ্ছে। উপজেলার হাটবাজারগুলোতে সবজি হিসেবে শিমের ব্যাপক চাহিদা রয়েছে।










