একসময় গোলাভরা ধান, পুকুরভরা মাছ, গোয়ালভরা গরু-মহিষ আর ফসলের মাঠ নিয়ে স্বাবলম্বী জীবন ছিল তাঁদের। নিজেদের জমিতে ধান, আলু ও নানা ধরনের রবিশস্য ফলাতেন। মাছ চাষ, পশুপালন ও হাঁস-মুরগি পালন করেও চলত সংসার। বছর শেষে খরচ মিটিয়ে জমত সঞ্চয়। কিন্তু পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পর বদলে গেছে সেই জীবনচিত্র। জমি গেছে, বন্ধ হয়েছে জীবিকার পথ। বিনিময়ে কর্মসংস্থানের যে স্বপ্ন দেখানো হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। ফলে একসময়কার স্বাবলম্বী কৃষক ও মৎস্যচাষিদের কেউ এখন দিনমজুর, কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, আবার কেউ জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছেন ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, জমি অধিগ্রহণের সময় কর্মসংস্থান, পুনর্বাসন, জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত সুবিধার যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। শুধু জমি অধিগ্রহণের শিকার পরিবার নয়, আশপাশের আরও বহু পরিবার কৃষি, মৎস্য ও প্রাকৃতিক সম্পদনির্ভর জীবিকার সুযোগ হারিয়েছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালে নিশানবাড়িয়া, মধুপাড়া ও চরনিশানবাড়িয়া মৌজায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য প্রায় এক হাজার একর কৃষিজমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এতে ১৩০টি পরিবারের বসতভিটা চলে যায়। পাশাপাশি অধিগ্রহণের বাইরে থাকা সহস্রাধিক পরিবারও জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের সমস্যা এবং কৃষি ও মৎস্যসম্পদের ক্ষতির কারণে জীবিকা হারায়।
স্বাবলম্বী কৃষক থেকে ভাড়ায় মোটরসাইকেলচালক
মধুপাড়া গ্রামের মো. রুবেল মোল্লার জীবন এর উদাহরণ। ২০১৩ সালের আগে তাঁর সাড়ে তিন বিঘা জমি, মাছের ঘের, ১৩টি মহিষ ও দেড় শতাধিক হাঁস ছিল। নিজের উৎপাদিত ফসল, মাছ ও পশুপালন থেকেই চলত সংসার। বছর শেষে লাখ টাকার মতো সঞ্চয়ও করতেন। এখন জীবিকার তাগিদে ভাড়ায় মোটরসাইকেল চালান তিনি।
রুবেল জানান, জমি ও সম্পদ হারানোর পর সংসারের স্বনির্ভরতা শেষ হয়ে গেছে। বিদ্যুৎকেন্দ্রে কাজ পাওয়ার আশা করেছিলেন, কিন্তু সেই সুযোগও পাননি। তাঁর অভিযোগ, কর্মসংস্থানের সংকটের পাশাপাশি এলাকায় জলাবদ্ধতা ও মশার উপদ্রব বেড়েছে। স্থানীয়রা বিভিন্ন রোগব্যাধিতেও ভুগছেন। এখন নিজেদের বসতভিটাসহ যতটুকু জমিজমা অবশিষ্ট আছে, সেখানেও চাষাবাদ করা সম্ভব হচ্ছে না।
ক্ষতিপূরণ ও জীবিকা, দুটিই অনিশ্চিত
২০০৯ সাল থেকে বেড়িবাঁধের নদীপাশে দোকান করছেন বশির তালুকদার। তাঁর চার বিঘা জমি অধিগ্রহণ করা হলেও ক্ষতিপূরণের পুরো টাকা পাননি বলে অভিযোগ। আগে নিজেদের জমিতে ধান, ডাল, আলুসহ নানা ফসল উৎপাদন হতো। এখন অবশিষ্ট জমিতেও জলাবদ্ধতার কারণে চাষাবাদ করতে পারেন না। পানি নিষ্কাশনের জন্য পাম্প চালাতে হয়, দিতে হয় বিদ্যুৎ বিল। এর মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নোটিশ পাওয়ায় নতুন করে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
চরনিশানবাড়িয়া গ্রামের লোকমান মৃধা (৪৫) একসময় কৃষিকাজ করতেন। এখন বেড়িবাঁধের ঢালে ছোট একটি দোকান চালান। তাঁর পরিবারের দুটি বাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য অধিগ্রহণ করা হয়েছে। তাঁদের গোষ্ঠীর প্রায় ৩০-৪০ কানি বা দুই শতাধিক বিঘা কৃষিজমি অধিগ্রহণের আওতায় গেছে।
লোকমানের অভিযোগ, তিন শতক বা এক কড়া জমির জন্য মাত্র ১৭ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। অথচ বর্তমানে ওই পরিমাণ জমির বাজারমূল্য দেড় লাখ টাকারও বেশি। জমির যথাযথ মূল্য না পাওয়ার পাশাপাশি সবচেয়ে বড় ক্ষতি হয়েছে জীবিকা হারানো। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আগে স্থানীয়দের ব্যাপক কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। তাঁর ভাষ্য, ‘মালয়েশিয়া, সিঙ্গাপুর হবে—এমন বলা হয়েছিল।’ এখন জীবিকার চাকাই ঘুরছে না। এ নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ তিনি।
বিদ্যুৎকেন্দ্রে চাকরি, বঞ্চিত স্থানীয়রা
নির্ভরযোগ্য সূত্রমতে, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে বর্তমানে দেশি-বিদেশি প্রায় ৯০০ কর্মী নিয়োজিত থাকলেও স্থানীয় ক্ষতিগ্রস্তদের কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে স্থায়ীভাবে ৭০০ দেশি-বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন। এ ছাড়া রক্ষণাবেক্ষণের কাজেও অন্তত ১৭০ জন বাংলাদেশি শ্রমিক নিয়োজিত রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র সাতজন স্থানীয় কর্মী। তাঁরা মালি, পরিচ্ছন্নতাকর্মী ও বাবুর্চির কাজ করছেন। অথচ জমি ও জীবিকা হারানো স্থানীয় পরিবারগুলোর ৯৫ শতাংশ সদস্য এসব কর্মসংস্থানের বাইরে রয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের বাসিন্দা অলিউর রহমান নিপুল জানান, শুরু থেকেই স্থানীয়দের কর্মসংস্থান, ক্ষতিপূরণ বৃদ্ধি, ঠিকাদারি কাজে অংশগ্রহণ, রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসাসেবা ও সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু অধিকাংশ প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি।
তাঁর ভাষ্য, ‘বিভিন্ন যোগাযোগ ও তদবিরের মাধ্যমে ম্যাক্সসহ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানে স্থানীয় ৮০-৯০ জন দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ পেয়েছেন। এ ছাড়া মালি, বাবুর্চি ও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ পেয়েছেন মাত্র পাঁচ-ছয়জন। এসব কাজও স্থায়ী নয়।’ নিপুলের প্রশ্ন, যাঁদের জমি ও জীবিকার ওপর নির্ভর করে বিদ্যুৎকেন্দ্র নির্মিত হয়েছে, কর্মসংস্থানের ক্ষেত্রে তাঁরাই কেন উপেক্ষিত থাকবেন?
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ইমরান হাসান জানান, বিসিপিসিএলের সঙ্গে চুক্তি অনুযায়ী তাঁদের প্রতিষ্ঠানে বিভিন্ন পদে ৫৬ জনকে চাকরি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দা। বাকিরাও এই উপজেলার ধানখালী, লালুয়া ও টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা। এ বিষয়ে কথা বলতে বিসিপিসিএলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ই-মেইল করা হয়েছে। কিন্তু তাঁরা আজ-কাল করে সময়ক্ষেপণ করেছেন।
‘স্বপ্নের ঠিকানা’য় ঘর আছে, জীবিকা নেই
বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে বসতভিটা হারানো ১৩০টি পরিবারকে পুনর্বাসনের জন্য ১৬ একর জমিতে ‘স্বপ্নের ঠিকানা’ নামে একটি পল্লি গড়ে দেওয়া হয়। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সেমিপাকা ঘর দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে ওই ১৩০টি পরিবারের মধ্যে মাত্র ৬৮টি পরিবার সেখানে বসবাস করছে। বাকি ৬২টি পরিবার জীবিকার সন্ধানে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে চলে গেছে। কেউ ঘর তালাবদ্ধ রেখেছেন, কেউ ভাড়া দিয়েছেন।
স্থানীয়দের মতে, পুনর্বাসন মানে শুধু ঘর নির্মাণ নয়; বরং হারানো জীবিকার বিকল্প তৈরি করা। কৃষক, মৎস্যচাষি ও পশুপালননির্ভর পরিবারগুলোর জন্য বিকল্প আয়ের ব্যবস্থা না করায় পুনর্বাসনের উদ্দেশ্য অনেকাংশেই অপূর্ণ রয়ে গেছে। একই দাবি ‘স্বপ্নের ঠিকানা’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি অলিউর রহমান নিপুলের।
জলাবদ্ধতায় বন্ধ অবশিষ্ট জমির চাষাবাদ, পরিবেশ নিয়েও অভিযোগ
ক্ষতিগ্রস্ত পরিবারের বাসিন্দা কালাম মাস্টার ক্ষোভ প্রকাশ করে জানান, কর্মসংস্থানের সংকটের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পর এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। খাল, বিল ও জলাশয়ের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে অধিগ্রহণের বাইরের কৃষিজমিতেও দীর্ঘ সময় পানি জমে থাকে। অন্তত ২০০ পরিবার বছরের প্রায় ছয় মাস জলাবদ্ধতার মধ্যে কাটায়। এতে বসতভিটা ও অবশিষ্ট কৃষিজমি পানিতে ডুবে থাকে, ব্যাহত হয় চাষাবাদ। ফলমূলও আগের মতো উৎপাদিত হয় না। একসময় মাছ ধরা ও মাছ চাষের উৎস হিসেবে ব্যবহৃত খাল-বিলের ওপর নির্ভর করার সুযোগও এখন নেই।
অলিউর রহমান নিপুলের অভিযোগ, বটতলা গেটসংলগ্ন এলাকায় কনভেয়ার বেল্টে কয়লা পরিবহনের সময় ছাই উড়ে আশপাশের বসতবাড়িতে পড়ে। এতে ঘরের আসবাবপত্র ও বিছানাপত্র পর্যন্ত নষ্ট হচ্ছে। স্থানীয়দের কেউ কেউ শ্বাসকষ্ট ও চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কথাও জানিয়েছেন। এমনকি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অনেকেই। এতে একজনের মৃত্যুও হয়েছে বলে দাবি তাঁদের। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও পরিবেশগত প্রভাব মূল্যায়নের দাবি জানিয়েছেন তাঁরা।
প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি
মধুপাড়া, চরনিশানবাড়িয়া, মরিচবুনিয়া, দাশের হাওলা, মাছুয়াখালী ও গরাৎখাসহ আশপাশের জনপদে প্রায় তিন হাজার মানুষের বসবাস। পরিবার রয়েছে সহস্রাধিক। স্থানীয়দের বক্তব্য, তাঁরা বিদ্যুৎ উৎপাদন কিংবা দেশের উন্নয়নের বিরোধী নন। তবে উন্নয়নের সুফল থেকে স্থানীয় মানুষ বঞ্চিত থাকবেন কেন, সেটিই তাঁদের প্রশ্ন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, যোগ্যতা অনুযায়ী স্থায়ী কর্মসংস্থান, বিদ্যুৎকেন্দ্র ও ঠিকাদারি প্রতিষ্ঠানে স্থানীয়দের অগ্রাধিকার, বকেয়া ক্ষতিপূরণ পরিশোধ, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা এবং বিকল্প জীবিকার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার ব্যবস্থাও জোরদার করতে হবে।
একসময় যে জমি তাঁদের সংসারের নিশ্চয়তা দিত, সেই জমিতে এখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্তু উন্নয়নের অংশীদার হওয়ার পরিবর্তে সেই জমির মালিকদের অনেকেই আজ কাজের সন্ধানে এলাকাছাড়া। ‘স্বপ্নের ঠিকানা’য় ঘর থাকলেও নেই জীবিকার নিশ্চয়তা। ধানখালীর ছয় গ্রামের মানুষের কাছে তাই উন্নয়নের সার্থকতা এখন বিদ্যুৎ উৎপাদনে নয়, বরং হারানো জীবিকা ও স্বনির্ভরতা ফিরে পাওয়ার নিশ্চয়তায়।









