বরগুনার আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে আটক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পৌরসভার সামনে লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের কাছ থেকে তাঁকে আটক করা হয়।
আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনের লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান এই প্রকল্পের দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তী সময়ে কাজটি হাতবদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।
২০২৪ সালের ২৫ অক্টোবর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম কাজটির উদ্বোধন করেন।
ঠিকাদারের অভিযোগ, কাজটি বাস্তবায়নের শুরু থেকেই আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খান মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। তাঁর দাবিকৃত ঘুষের টাকা না দেওয়ায় তিনি ঠিকাদারকে বিভিন্নভাবে হয়রানি করছেন এবং কাজটি সঠিকভাবে বাস্তবায়নে বাধা দিচ্ছেন। এমন অভিযোগ এনে ঠিকাদার শেখ নোমান রেজা গত ১৯ নভেম্বর দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের পর দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একদল কর্মকর্তা সোমবার বেলা ১১টার দিকে আমতলী পৌরসভার সামনে অভিযান চালান। এ সময় ঘুষের ১ লাখ টাকাসহ উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে হাতেনাতে আটক করা হয়। আটকের পর দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাস্তবায়নকারী ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, ‘আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খান কাজের শুরু থেকেই ঘুষের টাকার জন্য আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ দাখিল করি। আজ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’
দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা আমতলীতে অভিযান পরিচালনা করি। এ সময় ঘুষের ১ লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে হাতেনাতে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে। আটকের পর সোমবার দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করে হেফাজতে রাখার ব্যবস্থা করা হয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘দুদক পটুয়াখালীর কর্মকর্তারা আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তাঁকে হেফাজতে রাখতে বলা হয়েছে।’









