বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গেরাবুনিয়া গ্রামের গ্রাম পুলিশ মো. ফোরকান মোল্লার বিরুদ্ধে প্রকৃত বয়স গোপন করে জাল ভোটার আইডি কার্ড ও শিক্ষাগত সনদ তৈরি করে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর নিয়োগ বাতিলের দাবিতে একই গ্রামের শাহ আলম খান নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইউএনও।
আমতলী ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গেরাবুনিয়াসহ কয়েকটি গ্রামের শূন্য পদে গ্রাম পুলিশ নিয়োগের জন্য ২০১৮ সালের ২৭ জুলাই ০৫.১০.০৪০৯.০০৩.০১.০০৮.১৮-৫২৮ নম্বর স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
অভিযোগে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পূরণ না করলেও আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আয়জদ্দিন মোল্লার ছেলে মো. ফোরকান মোল্লা তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং আমতলী উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তৎকালীন সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেনের মাধ্যমে চাকরি নেন।
অভিযোগকারীর দাবি, চাকরির শর্ত অনুযায়ী বয়স ৩০ বছর থাকার কথা থাকলেও ফোরকান মোল্লা নিয়োগের সময় তাঁর প্রকৃত ভোটার আইডি কার্ড গোপন করে জন্মতারিখ ১ সেপ্টেম্বর ১৯৮৮ দেখিয়ে বয়স ৩০ বছর উল্লেখ করেন। অথচ তাঁর প্রকৃত ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্মতারিখ ১ ফেব্রুয়ারি ১৯৭২। ওই ভোটার আইডি কার্ডের নম্বর ৫৯৫৭৯১৫৯৯৩। অভিযোগে আরও বলা হয়েছে, ভোটার আইডি কার্ডে তাঁর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি উল্লেখ থাকলেও চাকরি পাওয়ার জন্য তিনি অষ্টম শ্রেণি পাসের একটি জাল সনদ জমা দেন। অভিযোগকারীর মতে, এসব কর্মকাণ্ড নিয়োগবিধির পরিপন্থী।
এ ঘটনায় গত ২৫ অক্টোবর গেরাবুনিয়া গ্রামের সোবহান খানের ছেলে মো. শাহ আলম খান ফোরকান মোল্লার নিয়োগ বাতিলের দাবিতে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর ইউএনও বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছারকে নির্দেশ দেন।
ইউএনওর নির্দেশনা অনুযায়ী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার ২০২৬ সালের ২৭ অক্টোবর ৪১.০১.০৪০৯.০০০.০০.০০০.২০২৬-২১১ নম্বর স্মারকে ফোরকান মোল্লাকে প্রয়োজনীয় বৈধ কাগজপত্রসহ বৃহস্পতিবার সকাল ১১টায় হাজির হওয়ার জন্য নোটিশ দেন। তবে নির্ধারিত তারিখে তিনি হাজির হননি বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী শাহ আলম খান বলেন, “নিয়োগের সময় ফোরকানের বয়স ছিল ৪৭ বছর। তিনি জাল ভোটার আইডি কার্ড তৈরি করে বয়স কমিয়ে ৩০ বছর দেখিয়েছেন। তাঁর অষ্টম শ্রেণি পাসের সনদও জাল। আমি তাঁর অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি। এ ছাড়া তিনি এলাকায় মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করেন বলেও অভিযোগ রয়েছে।”
অভিযুক্ত গ্রাম পুলিশ মো. ফোরকান মোল্লা বলেন, “অবৈধ কাগজপত্র বলতে কিছু নেই। বৈধ কাগজপত্র না থাকলে তখন কেউ আমাকে চাকরি দিত না।” এর বাইরে তিনি আর কিছু বলতে রাজি হননি।
আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার বলেন, “ইউএনওর নির্দেশ পেয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ মো. ফোরকান মোল্লাকে বৈধ কাগজপত্রসহ গত ২৭ অক্টোবর হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তিনি হাজির হননি। এ বিষয়ে তাঁকে পুনরায় নোটিশ দেওয়া হবে।”
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”









