বরগুনার আমতলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সমর্থনে বুধবার রাতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া স্ট্যান্ড নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দুজনসহ রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে পুলিশ।
আমতলী থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার নেতৃত্বে বুধবার রাত ৯টার দিকে ১০-১৫ জনের একটি দল মিছিল নিয়ে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ডের সামনে আসে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময় স্ট্যান্ডে যাত্রীর জন্য দাঁড়িয়ে থাকা পটুয়াখালী-কুয়াকাটা রুটে চলাচলকারী ‘সিফাত’ নামের একটি বাস ভাঙচুর করা হয়। এ সময় আকস্মিক এ ঘটনায় স্থানীয়রা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সিফাত আকন (১৫) ও রাব্বি আকন (১৭) নামের দুজনকে আটক করে পুলিশ। পরে রাতে এবং বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. নাঈম হাওলাদার (১৬), মো. জোবায়ের মৃধা (১৬), মো. রাশেদুল হাওলাদার (১৬), মো. নাঈম খান (১৫), শুভঙ্কর দাস (২১), জাবের ইসলাম (২১), সাইমুন হাওলাদার (১৬), মো. ইমরান (১৬), মো. নাঈম (১৬) ও মো. আরিফ হোসেন (৩০)।
আটক ব্যক্তিদের বৃহস্পতিবার সকালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনসহ রাতে এবং বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নাশকতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









