বরগানার আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০১টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম।
এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ওপর প্রশাসনিক, দাপ্তরিক ও শিক্ষাসংক্রান্ত কার্যক্রমের দায়িত্বের চাপ বেড়েই চলেছে। অন্যদিকে, শ্রেণিকক্ষে পাঠদান সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এসব বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও পাঠদান। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৭ হাজার ৩৪১ জন। এর মধ্যে ১০১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এসব শূন্যপদের বিপরীতে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়গুলো পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। বিভিন্ন দাপ্তরিক কাজের প্রয়োজনে তাঁদের উপজেলা শিক্ষা অফিসেও যাতায়াত করতে হয়। এতে অনেক সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। অতিরিক্ত দায়িত্বের কারণে শিক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় মনোযোগ দেওয়াও কঠিন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলতে থাকায় বিদ্যালয়গুলোর স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
আমতলীর কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনা বেগম বলেন, ‘প্রতিদিন আমাকে তিন থেকে চারটি ক্লাস নিতে হয়। পাশাপাশি প্রধান শিক্ষকের অতিরিক্ত প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে। একদিকে শ্রেণিকক্ষের চাপ, অন্যদিকে দাপ্তরিক কাজ—সব মিলিয়ে দায়িত্ব পালন করতে বেশ হিমশিম খেতে হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় পাঠদানের পাশাপাশি তাঁদের দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অনেক সময় উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। তখন শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, ‘উপজেলার ১৫২টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে ইতিমধ্যে নতুন কিছু শিক্ষক যোগদান করেছেন। তবে ১০১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ এখনো শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শূন্যপদ পূরণের বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’









