ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব ও টানা চার দিনের বৃষ্টিতে পটুয়াখালীর গলাচিপায় আগাম তরমুজ চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বৃষ্টির পানিতে অনেক জমির বীজ ও চারা পচে নষ্ট হয়ে গেছে। এতে অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন। আগাম জাতের তরমুজের প্রায় অর্ধেক চারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে তরমুজের ফলন অন্তত ১৫ দিন পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছে উপজেলা কৃষি বিভাগ।
গলাচিপা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ হেক্টর জমিতে। এর মধ্যে আগাম জাতের তরমুজ চাষের জন্য কৃষকরা প্রায় ১০ হেক্টর জমিতে বীজ বপন ও চারা উৎপাদনের কাজ শুরু করেছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে আগাম চাষের অনেক বীজ ও চারা পচে নষ্ট হয়েছে। এতে শুরুতেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক কৃষক এখন সমন্বিত পদ্ধতিতে তরমুজের পাশাপাশি অন্যান্য ফসল চাষের পরিকল্পনা করছেন।
উপজেলা সদর ইউনিয়নের তরমুজ চাষি মো. আলমগীর হাওলাদার বলেন, ‘এ বছর পাঁচ একর জমিতে আগাম জাতের তরমুজ চাষের জন্য ক্ষেত প্রস্তুত করেছিলাম। চারা উৎপাদনের কাজও শেষ হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে টানা বৃষ্টি শুরু হয়। এতে আমার ৯ হাজার চারার মধ্যে প্রায় ৪ হাজার চারা পচে গেছে। এতে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।’
গলাচিপা পৌর এলাকার তরমুজ চাষি মো. জাকির সরদার বলেন, ‘বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এক মুহূর্তও বিশ্রাম নিতে পারিনি। সারাদিন পলিথিন দিয়ে চারা ঢেকে রাখার চেষ্টা করেছি। কিন্তু অতিবৃষ্টির কারণে কোনোভাবেই সব চারা রক্ষা করা সম্ভব হয়নি। চোখের সামনে হাজার হাজার টাকার ক্ষতি হতে দেখেছি। এই ক্ষতি কীভাবে পুষিয়ে উঠব, তা বুঝতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আগে তরমুজ চাষের জমিতে অন্য কোনো ফসল করা হতো না। এবার আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে তরমুজের পাশাপাশি জমির আইলের পাশে হাইব্রিড মুগডাল, লাউ, শসাসহ বিভিন্ন ধরনের সবজি চাষের পরিকল্পনা করেছি।’
গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান বলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে আগাম তরমুজ চাষিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, এটি সত্য। তবে গলাচিপায় এখনো ব্যাপকভাবে তরমুজ চাষ শুরু হয়নি। যারা আগাম জাতের তরমুজ চাষ করেছেন, মূলত তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত জুন-জুলাই মাসে অতিবৃষ্টির কারণে অনেক জমিতে ধান চাষ করা সম্ভব হয়নি। ওই জমিগুলোতেই আগাম তরমুজ চাষ করা হয়েছে। তবে আগামী চার মাস আবহাওয়া অনুকূলে থাকলে তরমুজ চাষিরা ভালো ফলন ও লাভের মুখ দেখতে পারবেন।’
প্রতিকূল আবহাওয়ায় মৌসুমের শুরুতেই তরমুজ চাষে এমন ক্ষতি কৃষকদের নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। এখন আবহাওয়া অনুকূলে থাকার অপেক্ষায় রয়েছেন উপকূলের তরমুজ চাষিরা।









