পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন ব্রিজের সাটারিং সেটআপের সময় নিচে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম লিটন বিশ্বাস (২৩)। বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহত শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত শ্রমিক চীনা প্রতিষ্ঠান সিসিইসিসির সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান হুনান কোম্পানির অধীনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্রমিক লিটন বিশ্বাসের দুই পা ও এক হাত ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লিটনের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আশারখান ইউনিয়নের মিলি গ্রামে। তাঁর বাবার নাম বজিন্দ্র নাখ বিশ্বাস।










